প্যারোলে মুক্তির আবেদন করেননি শর্মী
প্রকাশিত : ২২:০৮, ২৮ নভেম্বর ২০২৬
যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখার জন্য প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা।
তিনি জানান, প্যারোলের পরিবর্তে সন্তানের লাশ কারাগারের সামনে নিয়ে গেলে তা দেখার সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মানবিক বিবেচনায় কারাফটকে সন্তানকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
শনিবার (২৮ নভেম্বর) গাজীপুরের এডিএম মো. সোহেল রানা বলেন, "কোনো নাগরিক কারাগারে বন্দি থাকা অবস্থায় তার সন্তান মারা গেলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হয়। কিন্তু শারমিন সুলতানা শর্মী প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি। তিনি সন্তানের লাশ কারাগারে নিয়ে এলে শেষবারের মতো দেখার সুযোগ চেয়েছিলেন এবং সেই ব্যবস্থাই করা হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে জানান, প্যারোলে মুক্তির কোনো কাগজপত্র তারা পাননি। শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু সন্তানের লাশ কারাফটকে এনে স্ত্রীকে দেখানোর আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করে সেই ব্যবস্থা নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন সুলতানার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায়। সন্তানের মৃত্যুর খবর পেয়ে শর্মী ও তার পরিবার শেষ দেখার আবেদন জানান।
শনিবার দুপুরের দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তূর্যের মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে নিয়ে আসা হয়। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাফটকে মা-ছেলের শেষ দেখা হয়। মরদেহ দেখার পর শারমিন সুলতানাকে পুনরায় কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শর্মীকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ। পরদিন ৪ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও পরিবারের সদস্যরা জানান, মা গ্রেপ্তার হওয়ার পর থেকে প্রতিবন্ধী শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং মায়ের অনুপস্থিতিতে তার পরিচর্যা নিয়েও পরিবারকে বিপাকে পড়তে হয়েছিল।
এদিকে, প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল কি না তা নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিন্ন তথ্য ছড়ালেও প্রশাসন ও কারা কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও প্যারোলে আবেদন না করার বিষয়ে শর্মীর নিজস্ব কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএইচ
আরও পড়ুন










