প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য: জামায়াত আমির
প্রকাশিত : ২৩:০২, ৮ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
পোস্টে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে, কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতনবৈষম্য দূর হবে এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে।’
জামায়াত আমির তার বক্তব্যে আরও উল্লেখ করেন, নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।
বিরোধীদলীয় নেতা বিশ্বাস করেন, নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী সম্মান ও সহযোগিতার দাবিদার এবং এটিই মহান আল্লাহ তায়ালার বিধান বলে তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি প্রতিটি নারী যেন নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে, তেমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এমআর//
আরও পড়ুন










