বিএনপিকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বান পরওয়ারের
প্রকাশিত : ২২:২২, ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে ‘ফ্যাসিবাদের পথ’থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং সংবিধান সংশোধন নিয়ে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন।
শুক্রবার (৩১ জুলাই) যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র সংস্কারের নামে কেবল সংবিধান সংশোধন যথেষ্ট নয়; রাষ্ট্রের মৌলিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। গণভোটে জনগণের যে প্রত্যাশা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের কথা জানান তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, সর্বত্র আজ দলীয়করণের বাসা বেঁধেছে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রকল্পে ভাগবাটোয়ারা হচ্ছে। এজন্য তো গণঅভ্যুত্থান হয়নি।
সরকার জুলাই সনদে শুভঙ্করের ফাঁকি দিয়েছে মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংশোধন আর সংস্কার তো এক জিনিস না। জুলাই সনদে ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংস্কারের ছড়ি ঘুরাবেন; জনগণ সেটা মেনে নেবে না।
জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, যশোর-১ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, আইনজীবী এ এস এম শাহরিয়ার কবীর এবং এনসিপি যশোরের সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।
এমআর//
আরও পড়ুন










