ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বোরকা ও নেকাব তৈরি ও সংগ্রহের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি এসব ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মাহদী আমিন বলেন, ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি বিশ্বাস করে—বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরকা ও নেকাব ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নারীদের আব্রু ও পর্দার বিষয়ে বিএনপি সব সময় সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তবে কেউ যদি এই ধর্মীয় পোশাককে অপব্যবহার করে মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তা প্রতিরোধ করতে হবে।

তিনি ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে তিনি বলেন, সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি বা হজ-ওমরার জন্য ছবি তোলার সময় মুখমণ্ডলের যে অংশ অনাবৃত রাখা হয়, সেই নীতিমালা অনুসরণ করা যেতে পারে। ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসার এবং নারী এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে—যেখানে তা প্রযোজ্য।

মাহদী আমিন আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্য বিএনপির পক্ষ থেকে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই—সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হোক। পাশাপাশি পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রাখতে হবে এবং সব ধরনের কারচুপি ও জালিয়াতি রুখে দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি আমাদের আহ্বান—আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। এই নির্বাচনে বিজয়ী হোক বাংলাদেশের মানুষ, বিজয়ী হোক গণতন্ত্র।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি