ঢাকা, বুধবার   ২২ জুলাই ২০২৬

বেসরকারি পর্যায়ে তিনটি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৪৭, ২২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ যাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এ প্যাকেজগুলোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ হজ প্যাকেজের খরচ পড়বে ৭ লাখ ৯১ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৯৫ হাজার। আর সাশ্রয়ী প্যাকেজে ৫ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া, এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এর আগে, মঙ্গলবার ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

হজ প্যাকেজ-১ : এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা- আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) : এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে হবে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা- আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি