বৈশাখী শোভাযাত্রা বের করলো জামায়াতে ইসলামী
প্রকাশিত : ১৩:৪৭, ১৪ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখীকে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। রাজধানীতে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিজাতীয় প্রভাব প্রতিরোধের আহ্বান জানিয়ে এই শোভাযাত্রা বের করে দলটি।
দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মঙ্গলবার (১৪ এপ্রিল) এই আয়োজন প্রেসক্লাবের সামনে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ নানা দেশীয় সংস্কৃতির উপাদান নিয়ে শোভাযাত্রায় অংশ নেন রাজধানীবাসী। বাঙালিয়ানার সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা গান ও আনন্দের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেন।
শোভাযাত্রায় দেশাত্মবোধক, জারি, সারি, ভাটিয়ালি গান গেয়ে হৈ-হুল্লোড় করে উৎসবে মাতে রাজধানীবাসী।
শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে বাঙালির সাংস্কৃতিক চেতনা পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।
এ সময় বক্তারা এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান, যা ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী বলে তারা উল্লেখ করেন।
এএইচ
আরও পড়ুন










