ঢাকা, শুক্রবার   ২১ আগস্ট ২০২৬

মির্জা ফখরুল ও রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১২, ২১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (২১ আগস্ট) বিজয়নগরের আকরাম টাওয়ারসংলগ্ন পানির ট্যাংকির সামনে থেকে মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন রাজু আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। তিনি ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ছিলেন। ছাত্রদলের কর্মী ও নেতা হিসেবে আমরা গর্ববোধ করি। আজকের দিনটি আমাদের জন্য অনেক আনন্দের।

রাজু আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় রিজভী দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। রাজপথের আন্দোলন থেকে উঠে এসে তিনি আজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছ ইমেজের মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা থেকে আজ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে যে দুজন কথা বলছেন, তাঁদের একজন মির্জা ফখরুল ইসলাম এবং দ্বিতীয়জন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ।

তিনি আরও বলেন, রাজপথ থেকে একজন রাষ্ট্রপতি হয়েছেন, আর অন্যজন হয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। এটা আমাদের জন্য আনন্দের।

রাজু আহমেদ বলেন, আমরা প্রায়ই বলি, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ। তাঁরা বিগত সময়ে রাজপথে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তারেক রহমানের “আগামীর বাংলাদেশ” বিনির্মাণে তাঁরা বিশ্বস্ত হাতিয়ার হিসেবে কাজ করবেন।

ছাত্রদলের এই নেতা বলেন, ছাত্রদলও আগের মতো ভবিষ্যতে রাজপথে ভ্যানগার্ড হিসেবে থাকবে। তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে ছাত্রদল সবার আগে দায়িত্ব পালন করবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি