ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। 

সোমবার (২৬ অক্টোবর) তিনি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এলিজা জামানের মনোনয়নের বিষয়টি জানানো হয়। 

তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে উপনির্বাচনের জন্য এলিজা জামানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিএনপি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে মঙ্গলবার (২৭ অক্টোবর)। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে।

তবে এ আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

ঐ.মিষ্টি//এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি