ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশিত : ১৪:৫৯, ২৬ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে এসব তথ্য জানায় ঠাকুরগাঁও বিজিবি।
এর আগে ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবেন।
নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং কে-৯ ডগ ইউনিটের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবির সেক্টর কমান্ডার মোহাম্মদ সুরুজ মিয়া জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা এবং ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রধান লক্ষ্য।
পাশাপাশি সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে, যাতে চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
বিজিবি আরও জানায়, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে। নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।
এএইচ
আরও পড়ুন










