ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মোবাইল ইস্যুতে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল নিয়ে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া এ নিষেধাজ্ঞা তুলে না নিলে সন্ধ্যার মধ্যে ইসি ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না, আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি–বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে। 

তিনি আরও বলেন, ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে; ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে যেই অবস্থা হয়েছিল তার চাইতেও ভয়াবহ হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছেন। কিন্তু অনেকেরটা তারা নিচ্ছে না। আপনাদের ভাবা উচিত, কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিবো। আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে। জনগণ আমাদের পক্ষে আপনাদের দিবে। আপনারা একটি দলের মার্কা প্রচার করছেন, আপনারা অন্য দলের মার্কা প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না।

উল্লেখ্য, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি