ঢাকা, রবিবার   ১১ অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪৯, ১১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেয়ার ঘটনায় আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আ ন ম আয়াসসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেয়ার ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজ তাদেরকে আদালতে তোলার পর রিমান্ডের আবেদন করা হবে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

এর আগে, শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন। এ সময় চারজনকে আটক করে পুলিশ।  

গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি