ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলার রায় ঘোষণা শুরু, হাইকোর্টে রামিসার বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৭, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন।

রায় পাঠ করছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন তিনি।

এর আগে মামলার রায় শুনতে হাইকোর্টে উপস্থিত হন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আদালতে উপস্থিত হয়ে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় রামিসার বাবাকে ধৈর্য ধরার পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষে আছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি