ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:০১, ১৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের ‘অশালীন অঙ্গভঙ্গির’ তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য যে ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেছেন, তা আমার বিবেককে নাড়া দিয়েছে। একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।

তিনি আরও বলেন, সংসদের শুরুতেই আমরা একটি ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু বারবার আহ্বান জানানোর পরও এ ধরনের অশোভন আচরণ অব্যাহত থাকায় আমি অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে, তা উদ্বেগজনক। 

বিরোধী দলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সকল সংসদ সদস্যকে কার্যপ্রণালী বিধি অনুসারে শিষ্টাচার বজায় রেখে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম নতুন সদস্যদের কথা বলার সুযোগ নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, বর্তমান সংসদে প্রায় ২২০ জন নতুন সদস্য রয়েছেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা ও জাতীয় বিষয়ে কথা বলতে চান। কিন্তু দেখা যাচ্ছে অনেক সদস্য বারবার সুযোগ পেলেও কেউ কেউ একবারও কথা বলতে পারছেন না।

চিফ হুইপ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা আগে নোটিশ দেবেন তাদের বক্তব্যের একটি ধারাবাহিক তালিকা বা সিরিয়াল অনুসরণ করা উচিত। এতে নতুন সদস্যরা উৎসাহিত হবেন এবং সংসদের কার্যক্রম আরও প্রাণবন্ত হবে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি