ঢাকা, বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬

ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুটি ভিন্ন পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে নিজের দাবির সপক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারীর বহিষ্কার সংক্রান্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একটি পুরোনো নোটিশের ছবি কমেন্ট বক্সে যুক্ত করেন রাশেদ খাঁন। 

সেখানে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনে থাকাকালীন সময়ে নাসীরুদ্দীনের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের তৎকালীন দায়িত্বশীল নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। পরবর্তীতে তদন্ত কমিটি যাবতীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

রাশেদ খাঁন আরও দাবি করেন, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের কাছে বিষয়টি জানা ছিল। চুরির দায়ে সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ার পর নাসীরুদ্দীন দীর্ঘ সময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে তিনি এবি পার্টিতে যোগদানের মাধ্যমে পুনরায় রাজনৈতিক অঙ্গনে তৎপর হন। 

রাশেদ খাঁনের ভাষ্য, এবি পার্টির নেতারা হয়তো এই চুরির ঘটনার বিষয়ে অবগত ছিলেন না; জানলে তারা তাকে দলে অন্তর্ভুক্ত করতেন না।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, ‘গণঅভ্যুত্থানের কারণে ও নাহিদ ইসলামের সঙ্গে সম্পর্কের খাতিরে নাসীরুদ্দীন পাটওয়ারী ল্যাপটপ চোর থেকে ছাগলচোরে পরিণত হওয়ার সুযোগ পেয়েছে। ছাত্র রাজনীতিতে যার হাতেখড়ি ল্যাপটপ চুরি দিয়ে আর জাতীয় রাজনীতিতে ছাগল চুরি দিয়ে, সেই চোর নাসীর কীভাবে এত ন্যায়নীতির বয়ান আওড়ায়?’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি