ঢাকা, বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬

রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে সুবাতাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বৈদেশিক মুদ্রার গ্রস (মোট) রিজার্ভ ও প্রবাসী আয়ের সর্বশেষ হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসী স্বাক্ষরিত এক প্রতিবেদনে দেখা যায়, গত ৯ দিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। তবে এর বিপরীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি বেশ আশাব্যঞ্জক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.১৪ বিলিয়ন মার্কিন ডলারে (৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন ডলার)। এর আগে গত ২০ সেপ্টেম্বর দেশের মোট রিজার্ভ ছিল ৩৬.৩০ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ ম্যানুয়াল অনুযায়ী বর্তমান প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৩০ বিলিয়ন ডলারে (৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন ডলার)। ২০ সেপ্টেম্বর এই হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১.৪৫ বিলিয়ন ডলার।

রিজার্ভ কমলেও সেপ্টেম্বর মাসে শক্তিশালী অবস্থানে রয়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে মাত্র ৩ দিনে (১৭ থেকে ১৯ সেপ্টেম্বর) প্রবাসীরা পাঠিয়েছেন ১৩ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে যেখানে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার, সেই তুলনায় এবারের প্রবৃদ্ধি বেশ ইতিবাচক।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি