শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
প্রকাশিত : ১৩:৪৪, ১০ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই সরকারের। ফিরতে চাইলে তাকে বন্দি বিনিময় চুক্তির অধীনে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে এক্সট্রাডিশন চুক্তির আওতায় আসতে হবে। মশকারি করার সুযোগ নেই। পাসপোর্ট আইন ১৯৭৩ এর ৬,৭ অনুযায়ী সর্বনিম্ন ২ বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাসপোর্ট পাবেন না।
তিনি আরও বলেন, আইনে আছে অভিযুক্ত হলে নির্বাচনই করতে পারবেন না। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করেননি শেখ হাসিনা। ভবিষ্যতে আপিল আর করতেও পারবেন না।
ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোন আইনী প্রক্রিয়া নেই বলে মন্তব্য করেন তিনি।
যারা ট্রাইব্যুনাল নিয়ে অপপ্রচার চালান তারা সতর্ক থাকবেন, না হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও সতর্ক করেন চিফ প্রসিকিউটর।
আগামি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এ আলোচনা আরও গতি পায় তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে করা এক আবেদনে। ৫ জন ব্রিটিশ ব্যারিস্টার শেখ হাসিনার পক্ষে এই চিঠি দিয়েছেন দিল্লির বাংলাদেশ হাইকমিশনে।
ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই আছেন।
এএইচ
আরও পড়ুন










