শেখ হাসিনার মৃত্যু বাংলাদেশে হবে না, কবরও হবে না: সারজিস
প্রকাশিত : ১৭:২৫, ৮ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কিংবা কবর কোনোটিই বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পৌর শহরের প্রেসক্লাবসংলগ্ন হোটেল বে-অব বেঙ্গলে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং পরিস্থিতির কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।
সারজিস আলম বলেন, এখন আর নতুন সরকার বা ‘শিশু সরকার’হিসেবে সময় নেওয়ার সুযোগ নেই। পাঁচ বছরের মেয়াদের ছয় মাস পেরিয়ে যাওয়ার পর সরকারকে বিভিন্ন সংকট মোকাবিলা ও সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিএনপি নিজেদের সীমাবদ্ধতা ও সমস্যাগুলো স্বীকার করলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে চাঁদাবাজি, প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের মতো অভিযোগ অস্বীকার করলে এসব সমস্যার সমাধান করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, যারা কোনো অপরাধে জড়িত নন, তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিএনপি, জামায়াত কিংবা এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। তবে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিএনপিকে কোনো ধরনের ছাড় না দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, জনগণ এখন আর শুধু বক্তব্য বা পরিকল্পনার উপস্থাপনা দেখতে চায় না; তারা বাস্তব কাজ দেখতে চায়। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় যথাযথভাবে বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তার দাবি, সরকারের পক্ষ থেকে পরামর্শ চাওয়ার পর এনসিপির সংসদ সদস্যরা লিখিতভাবে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। সংসদ ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব পরামর্শ বাস্তবায়ন না হলে সংকট মোকাবিলায় কাঙ্ক্ষিত ফল আসবে না বলে মন্তব্য করেন তিনি।
তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সারজিস। বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চাইলে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তবে সরকার শুধু ক্ষমতার ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি দেওয়ার কথাও বলেন তিনি।
সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধনকে হেনস্তার প্রসঙ্গ তুলে সারজিস বলেন, জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন এবং স্বৈরাচারবিরোধী অবস্থান নিয়েছেন, তাদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে হামলায় চোখ হারানো অলিফের প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন সারজিস। তার দাবি, হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় পরিচয়ের কারণে অপরাধীদের আশ্রয় দেওয়া হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোই এর নেতিবাচক পরিণতির মুখে পড়বে।
এ সময় সারজিস আলম জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি প্রস্তুতি নিচ্ছে। দলটি নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েও এগোচ্ছে।
এমএইচ
আরও পড়ুন










