শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
প্রকাশিত : ১৯:৫০, ৩ নভেম্বর ২০২৬
শ্রমিকদের এই আন্দোলন যৌক্তিক। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় আন্দোলনের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যদি এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং তারা যদি নৈরাজ্য করার চেষ্টা করে, এর দায়িত্বও সরকারকেই নিতে হবে। কারণ এটা সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা।
সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে। কিন্তু যারা এ দেশের শত্রু, যারা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু সরকারপ্রধানকে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের গোয়েন্দা তথ্য জাতির সামনে পেশ করতে দেখি নাই।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার পাঁচশত আন্দোলন মোকাবিলা করেছে। আন্দোলন থামবে তখনই যদি সরকারের ওপরে জনগণের আস্থা থাকে। এই সরকারের ওপর তো জনগণের কোনো আস্থা নেই। কারণ সে ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে। সে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে, নির্বাচনি ইশতেহারে, সবগুলো প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে যখন ১৮০০ টাকা ছিল খোলাবাজারে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন এটা আরও বাড়বে। আমরা জনগণকে আহ্বান করব যে আপনারা রাজপথে নামুন। কারণ রাজপথেই এই সরকারকে একটা জবাব দিতে হবে।
এমএইচ
আরও পড়ুন










