আগামী ৪দিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা
প্রকাশিত : ১৭:৫৪, ৩ নভেম্বর ২০২৬
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারি হয়ে আসছে আগামী চারদিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পেট্রোবাংলা জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন গ্যাসের সরবরাহ কমতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে।
এ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এমএইচ
আরও পড়ুন










