ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন নির্বাচনের প্রচারণায় একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা এবং সমালোচনায় শালীনতা বজায় রাখার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সম্প্রতি ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেকেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন। সমালোচনা করার অধিকার অবশ্যই সবার আছে। কিন্তু কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত।

এমন কোনো ভাষা প্রয়োগ করা মোটেই কাম্য নয়, যে ভাষা আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে প্রয়োগ করলে আপনি আহত হবেন। এমনকি, আপনার কোনো প্রিয় মানুষকে যদি কেউ রুচিবহির্ভূতভাবে সমালোচনা করে, তার জবাবও হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে। 

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে, তার এই পরামর্শটুকু সবাই গুরুত্বের সাথে গ্রহণ করবেন। ইসলামের শিক্ষা অনুযায়ী একে অপরের প্রতি সম্মান প্রদর্শন এবং ধৈর্যের পরিচয় দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি