সাবেক সমন্বয়ক মাহদীকে শাহজালাল বিমানবন্দরে পুলিশের জিজ্ঞাসাবাদ
প্রকাশিত : ১৯:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে প্রায় ১ ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহদী। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহদী হাসান। পরে এক ভিডিও বার্তায় নিজের মুক্তির তথ্য জানান তিনি নিজেই।
ফেসবুক লাইভে মাহদী বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’– এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি দেশ ছাড়েন।
এমআর//
আরও পড়ুন










