ঢাকা, শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

হাইকোর্টের নির্দেশ অমান্য,আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এই আইনি নোটিশ দেন। শুক্রবার (২৭ নভেম্বর) আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের একটি টয়োটা হার্ড জিপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয়। গত ২৯ অক্টোবরের একটি সাধারণ ডায়েরির (জিডি নম্বর-২৪৮৪) সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে একটি রিট আবেদন (নম্বর-১৬৮৯৯/২০২৬) দায়ের করেন।

রিট আবেদনের শুনানি শেষে গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা প্রশ্নে রুল জারি করেন। পাশাপাশি, অন্য কোনো ফৌজদারি মামলায় আদালতের আটকাদেশ না থাকলে আদেশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের জিম্মায় ফেরত দেওয়ার জন্য গুলশান থানার ওসিকে নির্দেশ দেন আদালত। গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও গাড়িটি এখনো ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এমতাবস্থায়, আইনি নোটিশে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ ছাড়া কোন মামলার সূত্রে বা কোন আইনের ধারায় গাড়িটি আটক রাখা হয়েছে, তার পূর্ণাঙ্গ বিবরণসহ সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপি চাওয়া হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ আছে কি না তাও স্পষ্ট করতে বলা হয়েছে নোটিশে।

পাশাপাশি, গাড়ি আটকের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ডপত্র, সিসিটিভি ফুটেজ, জিডি ও দাপ্তরিক নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত দেওয়া না হলে গুলশান থানার ওসিসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে তাদের ব্যক্তিগত হাজিরা ও আইনানুগ শাস্তির আবেদন করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি