ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরের ওপর বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করে। এ হামলায় হান্নান মাসউদসহ ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।’

তিনি বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীদের ন্যক্কারজনক এ হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থি। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। যেখানে একজন সংসদ সদস্যের কোনো নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’ 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করতে পারে, যা জাতির জন্য অত্যন্ত অশনিসংকেত।’

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অবিলম্বে হান্নান মাসউদের ওপর হামলাকারী বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি