ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬

অতিরিক্ত সেই ডিআইজিকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সম্প্রতি পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

আদেশে বলা হয়েছে, বিপিএম-সেবা ও পিপিএম (বার) পদকপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জাহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে।

আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার নামের পাশে উল্লিখিত শাখার সংযুক্তি বহাল থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, মঙ্গলবার ভোরে রাজধানীর ভাটারা থানা এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। 

ডিবি জানিয়েছে, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত ওই বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেয়া হতো। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে ডিবির অভিযান চালানোর বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকলের সাড়া দেননি। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
 
এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি