ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬

অস্ত্র মামলায় হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে থাকা আদাবর থানা অস্ত্র আইনের মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ১৮ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীনের আদালত এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত রোববার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার এ দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ নভেম্বর দুপুর আড়াইটার দিকে মাদক কারবারী সন্দেহে আদাবর থেকে আটক করে র‍্যাব, পরে তাকে নিয়ে তার বাসায় অভিযান চালান। সেখান থেকে ফয়সাল করিমের দেখানো মতে, চার রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করে। 

এসময় তাকে অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে বললে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় র‍্যাব-২ এর হাবিলদার মো. মশিউর রহমান ৮ নভেম্বর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে চার্জশিট জমা দেন। 

মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি