ঢাকা, রবিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৬

আরও একটি নতুন উপজেলা গঠনের উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি ১০ সেপ্টেম্বর জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের আওতাধীন সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন আলাদা উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পাঠানো ডি.ও পত্রের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবর জারি করা পরিপত্রে নির্ধারিত শর্ত ও নির্দেশনা অনুসরণ করে প্রস্তুত করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রস্তাবটি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাতে অনুরোধ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, আয়তন, স্থানীয় জনগণের সুবিধা এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে।

জেলা প্রশাসনের প্রস্তাব পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় তা যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চিঠির অনুলিপি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক, সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের সুপারিশসহ প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানোর পর নতুন উপজেলা গঠনের বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এর আগে গত জুলাই মাসে চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’ নতুন তিনটি উপজেলা গঠন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি