ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা  প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৯:৪৫, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজের নিচ থেকে দুদু হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, ভ্যান চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

রোববার (১৭ মে) দিনগত রাত ১১টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন বটগাছ তলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত দুদু হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত দুই দিন আগে ৩-৪ জন যুবক তাদের বাড়িতে গিয়ে দুদুর বিরুদ্ধে একটি ভ্যান চুরির অভিযোগ তোলে। এ সময় তারা দুদুকে হুমকি দিয়ে বলে, “ভ্যান খুঁজে না পেলে তোকে মেরে ফেলবো।”

পরিবারের দাবি, ওই যুবকেরাই ভ্যান চুরির অপবাদ দিয়ে দুদুকে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। 

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হাউসপুরের হাফিজুর ও তার দুই ছেলে অন্তর ও আশিকের নেতৃত্বে দুদুকে তুলে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা জানান, রোববার রাতে হাউসপুর ব্রিজের মোড়ে বটগাছের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি