চিফ প্রসিকিউটর
আ.লীগের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্ত হবে প্রত্যেক জেলায়
প্রকাশিত : ১৯:১৫, ১২ নভেম্বর ২০২৬
২০০৮ সাল থেকে আওয়ামী লীগের আমলে সংঘটিত সব অপরাধের বিচারের অংশ হিসেবে জেলায় জেলায় তদন্ত হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পক্ষ মনে করে, আওয়ামী লীগের শাসনামলে—বিশেষ করে ২০০৮ সাল থেকে অনেক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। প্রত্যেক জেলায় ক্রসফায়ার, গুম ও অপহরণের মতো ঘটনা ঘটেছে।
আমিনুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে অনেক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে অথবা পঙ্গু করে দেয়া হয়েছে। প্রত্যেক জেলায় আওয়ামী ফ্যাসিস্টদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির যৌথ উদ্যোগে আমরা প্রতিটি জেলা সরেজমিনে পরিদর্শন করব এবং সেখানে গণশুনানি নেব।
সেখানে যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তা আমরা চিহ্নিত করব। সেগুলো যদি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় পড়ে, তবে আমরা ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করব।
এখানে গুম, অপহরণ, ক্রসফায়ার অথবা জুলাই আন্দোলনে সংঘটিত অপরাধসহ আমাদের আইনের আওতায় পড়া অন্যান্য মানবতাবিরোধী অপরাধগুলো অন্তর্ভুক্ত থাকবে।
চিফ প্রসিকিউটর বলেন, কোনো জেলায় এ ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকলে আমরা সরেজমিনে গিয়ে গণশুনানি করব এবং অপরাধীদের চিহ্নিত করে তাৎক্ষণিক (অন দ্য স্পট) গ্রেপ্তারের ব্যবস্থা করব। এরপর সেই অভিযোগগুলো এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত ও বিচারের ব্যবস্থা করব।
তিনি বলেন, আমরা সরকারের কাছে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট চাইব এবং বিশ্বাস করি, সরকার আমাদের এই কাজে লজিস্টিক সাপোর্ট দিয়ে সহায়তা করবে।
এমএইচ
আরও পড়ুন










