আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে শ্রমিকদলের সংবাদ সম্মেলন
প্রকাশিত : ১৯:৫৯, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ২০:০১, ১৬ মার্চ ২০২৬
আশুলিয়ায় পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা শ্রমিকদলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বাইপাইল এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষাণ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে শ্রমিকদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু এসব উদ্যোগে বাধা সৃষ্টি করতে একটি চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, চিহ্নিত চাঁদাবাজ মিন্টু গং দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্টদের সহযোগিতায় সড়কে চাঁদাবাজি করে পরিবহন খাতকে অস্থিতিশীল করে রেখেছিল। পরিবর্তিত পরিস্থিতিতেও তারা সেই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যে শ্রমিকদলের ওপর দায় চাপিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
এ সময় এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সত্য তথ্য তুলে ধরতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।
এমআর//
আরও পড়ুন










