আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশিত : ১৭:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩০, ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী সিএমএইচে আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী আহত কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তার সর্বোচ্চ মানের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে।
এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমএইচ
আরও পড়ুন










