ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের জাহাঙ্গীরের মৃত্যুর খবর
প্রকাশিত : ২১:৩২, ২২ মে ২০২৬
রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো: জাহাঙ্গীর হোসেন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। সম্মুখসারিতে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২২ মে) বিকেলে নিহতের খবর জানিয়েছেন তার সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন। তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।
নিহত জাহাঙ্গীর হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের অভাব-অনটন দূর করতে এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ঋণ নিয়ে প্রায় চার মাস আগে রাশিয়ায় যান জাহাঙ্গীর। তবে কাজের উদ্দেশ্যে গেলেও কীভাবে তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানেন না।
পরিবার জানায়, গত সোমবার (১৮ মে) ইউক্রেনের ড্রোন হামলায় জাহাঙ্গীর নিহত হন। তবে শুক্রবার (২২ মে) তার সহকর্মী ও রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত টাঙ্গাইলের মৃদুল নামে এক বাংলাদেশি ভিডিও বার্তার মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহতের ছোট ভাই জাবেদ হোসেন বলেন, ‘ভাই পরিবারের জন্য অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল। আমরা জানতাম সে কাজ করছে। হঠাৎ ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর পাই। কীভাবে সেনাবাহিনীতে যোগ দিল, সেটি আমাদের জানা নেই।’
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’
জাহাঙ্গীরের মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে। তার আড়াই বছরের শিশু সন্তান আযান হোসেন, স্ত্রী মাসুদা হোসেন, মা জাকিয়া বেগম, ভাই জাবেদ হোসেন ও বোন জান্নাতুলের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
এর আগে জয়কা ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মো: রিয়াদ রশিদ (২৮) রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গত ২ এপ্রিল ড্রোন হামলায় নিহত হন। তার মৃত্যুর ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
এমআর//
আরও পড়ুন










