ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক, জরুরি তিন নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৬, ১৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠানোসহ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে তিনটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কার্যকর পদক্ষেপ এবং আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।”

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দলটি অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় কাজ করবে।

এ ছাড়া পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভার সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পর্যটনকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধারবিষয়ক বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিতেও বলা হয়েছে।

মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি