ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:২২, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে তার মনোনয়ন বাতিল বহাল থাকছে।

তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন মনিরা শারমিন।

সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, শুনানিতে মনিরা শারমিনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পায়নি ইসি। 

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করেন মনিরা শারমিন। 

মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ত্যাগ করেন। সেই হিসেবে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি। মাত্র সাড়ে চার মাস অতিবাহিত হয়েছে।

এদিকে, সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ইসি। ফলে তার প্রার্থিতা বহাল থাকছে। জীবা আমিনা খানের আইনজীবী জানান, তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব নিয়ে করা অভিযোগ ছিলো৷

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করা হয়েছে। তার বিষয়েও শুনানী হওয়ার কথা রয়েছে।

সংরক্ষিত নারী আসনে এখন পর্যন্ত বিভিন্ন দলের ৪৯ প্রার্থীর প্রাথমিক বৈধ তালিকা প্রকাশ করেছে ইসি। আজ এবং আগামীকাল আপিল নিষ্পত্তি করা হবে। কোনো প্রার্থী চাইলে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। 

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং সবশেষে আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। তবে সমানসংখ্যক প্রার্থী হওয়ায় নির্বাচনের প্রয়োজন নাও হতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি