‘এশিয়াস বেস্ট অন্ট্রাপ্রেনিউর ফিলানথ্রপিস্ট আইকন’ সম্মাননা পেলেন সালাউদ্দিন কাসেম খান
প্রকাশিত : ১৬:৩০, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫২, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ও এ কে খান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাউদ্দিন কাসেম খানকে ‘এশিয়াস বেস্ট অন্ট্রাপ্রেনিউর ফিলানথ্রপিস্ট আইকন’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার পুত্রজায়ায় অবস্থিত পেরদানা লিডারশিপ ফাউন্ডেশনে আয়োজিত ‘এসিই আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ব্যবসায়িক নেতৃত্ব ও জনহিতকর কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়া মহাদেশের সেরা পাঁচজন উদ্যোক্তা-সমাজসেবককে এই মর্যাদাপূর্ণ আঞ্চলিক সম্মাননা প্রদান করা হয়। সালাউদ্দিন কাসেম খান এই পাঁচজন বিজয়ীর একজন হিসেবে নির্বাচিত হন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এ কে খান গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সালাউদ্দিন কাসেম খানের ২৫ বছরের দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। দায়িত্ব পালনকালে গ্রুপটির ব্যবসা সম্প্রসারণ ও সামগ্রিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দেশীয় শিল্প খাতের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতিতেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স—উভয় সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাজ করেছেন।
একই অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে ‘ফাদার অব অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, মালয়েশিয়া অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাইনারি ইউনিভার্সিটির চ্যান্সেলর তুন আহমদ ফুজি আবদুল রাজাক ‘এসিই হিউম্যানিটেরিয়ান ফান্ড ফর অন্ট্রাপ্রেনিউর ডেভেলপমেন্ট (এএইচএফ)’ চালুর ঘোষণা দেন। অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগের আওতায় প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং নিজস্ব ব্যবসা শুরুর জন্য প্রত্যেককে সর্বোচ্চ ১ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত স্টার্ট-আপ তহবিল দেওয়া হবে।
এর আগে সালাউদ্দিন কাসেম খান জাপানের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা লাভ করেন। এ ছাড়া বর্তমানে তিনি চট্টগ্রামে নিযুক্ত তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমএইচ
আরও পড়ুন










