ঢাকা, বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

‘এশিয়ার সেরা উদ্যোক্তা ও সমাজহিতৈষী আইকন’ পুরস্কার পেলেন সালাহউদ্দন কাসেম খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪০, ২৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার পুত্রজায়ায় অবস্থিত পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ও এ. কে. খান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন কাসেম খানকে ‘এশিয়ার সেরা উদ্যোক্তা ও সমাজহিতৈষী আইকন’পুরস্কারে ভূষিত করা হয়েছে।  তিনি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত তুর্কি অনারারি কনসুলেট জেনারেল-এর দায়িত্বেও রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত ‘এসিই আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

এশিয়া মহাদেশের পাঁচজন অসাধারণ উদ্যোক্তা ও সমাজহিতৈষীকে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে সালাহউদ্দিন কাসেম খানকে এই পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়িক নেতৃত্ব এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ আঞ্চলিক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

সালাহউদ্দিন কাসেম খান বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘এ. কে. খান গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন। তাঁর দায়িত্বকালে তিনি গ্রুপটির ব্যবসায়িক সম্প্রসারণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আন্তর্জাতিক ব্যবসা ও কূটনীতির ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ‘মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ এবং ‘জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স’—উভয় প্রতিষ্ঠানেরই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশে তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদকে ‘ফাদার অব এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, মালয়েশিয়া’ পুরস্কারে ভূষিত করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাইনারি ইউনিভার্সিটির চ্যান্সেলর তুন আহমাদ ফুজি আব্দুল রাজাক ‘এসিই হিউম্যানিটেরিয়ান ফান্ড ফর এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট’ চালুর ঘোষণা দেন। এই উদ্যোগের লক্ষ্য হলো—আর্থিক ও সামাজিকভাবে সুবিধাবঞ্চিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এর আওতায় তাদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের পাশাপাশি নিজস্ব ব্যবসা শুরুর জন্য জনপ্রতি সর্বোচ্চ ১ লাখ মালয়েশীয় রিঙ্গিত পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি