কলকাতায় আগুনে নিহত কুষ্টিয়ার ৪ জনের শেষকৃত্য ও দাফন সম্পন্ন
প্রকাশিত : ১৫:২৩, ২৩ আগস্ট ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুনের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের ৪ জনের মরদেহের শেষকৃত্য ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার দিবাগত রাতে ১টার পর দাফন ও সৎকার সম্পন্ন হয়।
নিহত সাংবাদিক দেবাশিষ দত্ত মুসলিম পরিবারে বিয়ে করেন, সেই কারণে পারিবারিক সিদ্ধান্তে তার স্ত্রী আফসানা সিম্মিনকে তার বাবা আকরাম আলীর সাথে পৌর গোরস্থানে দাফন করা হয়। আর হিন্দু রীতি অনুযায়ী, কুষ্টিয়া মহাশশ্মানে দেবাশীষ দত্ত ও তার ছেলে শর্নশীষ দত্তের সৎকার করা হয়।
দাফন ও সৎকারে নিহত দেবাশীষের আত্বীয়-স্বজন, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপিস্থত ছিলেন।
এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন নিহত দেবাশীষের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে নামাজের জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা সিম্মিন ও শ্বশুর আকরাম আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। দাফনে নিহতদের আত্বীয়-স্বজন ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত ও তার ছেলে শর্নশীষ দত্তের কফিনবন্দি মরদেহ কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়।
কান্নায় ভেঙে পড়েন দেবাশীষের মা-বাবা আত্বীয়-স্বজন এলাকাবাসীসহ গণমাধ্যমকর্মীরা। শতশত মানুষের আহাজারীতে ভারী হয়ে ওঠে এখানকার আকাশ বাতাস। অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা সিম্মিন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসায় পৌঁছালে সেখানেও পরিবার ও আত্বীয়-স্বজনের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এদিকে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা দেবাশীষের পরিবারের পাশে সরকারসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান দেবাশীষের স্বজন এলাকাবাসী ও জেলার গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হন।
সকল প্রক্রিয়া শেষ করে ঘটনার ৪ দিন পর দেশে আসে নিহতদের মরদেহ।
অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। ১৯ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।
এএইচ
আরও পড়ুন










