ঢাকা, শুক্রবার   ২১ আগস্ট ২০২৬

কলকাতায় হোটেলের আগুনে নিহত ২ জনের বাড়ি সাতক্ষীরায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়। 

বুধবার রাতে তাদের নিজ এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতদের একজনের পরিবারের সদস্যরা।

নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী এবং অপরজন হলেন একই উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, গত ৫-৬ দিন আগে সাজু কোমরে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। বুধবার তার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে তার বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি নিহত হয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি বাংলাদেশে বলে জানা গেছে।

এদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন এবং সাভারের একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), সন্তান শর্ণশীষ দত্ত (৩) ও তার শ্বশুর আকরাম হোসেন (৬৪)। সাভারের আহামেদ বাবু নামের একজন মারা যায়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি