ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬

কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ সিলেটে, পরিবারের কাছে হস্তান্তর

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৪, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৩:৩৯, ৩০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কাতারে সড়ক দুঘর্টনায় নিহত ৫ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে। লাশ গ্রহণ করেন জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা।

মঙ্গলবার সকালে বিমানযোগে সরকারি খরচে ওই লাশ দোহা থেকে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সরকারকে ধন্যবাদ জানিয়ে জনপ্রতিনিধিরা বলেছেন, নিহত প্রবাসীদের পরিবার এখন নি:স্ব হয়ে গেছে। তাদের সহযোগিতায় সরকারকেই এগিয়ে আসতে হবে।

ঘটনার পর থেকে ৫ শ্রমিকের মরদেহ সরকারিভাবে বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি শুরু করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে ৫ প্রবাসীর লাশ সকালে ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। লাশ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। 

এছাড়াও স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান, বিএনপি ও জামায়াতের একাধিক নেতা, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেক্স কর্মকর্তা মো. তাজউদ্দিন।

এ সময় ৫ পরিবারকে লাশ দাফনের খরচ বাবদ সরকার থেকে ৩৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। 

লাশ গ্রহণকালে আবেগ-আপ্লুত ছিলেন স্বজনরা। তারা জানালেন, শুধু ৫ জন প্রবাসীর নয়, ৫টি স্বপ্নেরও মৃত্যু হয়েছে। 

গত ২১ এপ্রিল কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুঘর্টনায় মারা যান কানাইঘাটের গাছবাড়ি এলাকার আব্দুল কাদির, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ, জসিম উদ্দিন ও জিবাল আহমদ। 

মৃত্যুর খবর সিলেটে পৌঁছার পর থেকে তাদের পরিবারে মাতম চলছে। উপার্জনকারী একমাত্র ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে ৫টি পরিবার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি