ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

‘কাফনের কাপড় রেডি রাখিস’হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি পেয়ে ওসির জিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৮, ২০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 

অজ্ঞাতনামা একটি নম্বর থেকে তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

থানা ও জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা আসতে থাকে।

বাংলা ও ইংরেজিতে পাঠানো এসব বার্তায় চরম ভয়ভীতি দেখানো হয়। বাংলায় পাঠানো বার্তাগুলোতে লেখা ছিল, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’ এবং ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’

আরেকটি বার্তায় ওসিকে সতর্ক করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সর্বশেষ বার্তায় সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম নিজে বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন।

হুমকির বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরও আইনের আওতায় আনা হচ্ছে। এসব কঠোর অভিযানের কারণেই তাকে এমন হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি আরও নিশ্চিত করেন, হুমকি দেওয়া মোবাইল নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি