ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬

কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪০, ২১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আমি কোন ধরনের চাপ অনুভব করছি না এবং কারো সাথে বিচ্ছিন্ন হওয়ারও প্রশ্ন উঠেনা বলে মন্তব্য করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। 

শনিবার (২১ নভেম্বর) বিকালে শিল্পাঞ্চল আশুলিয়ার সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে এসে নূন‍্যতম মজুরি নির্ধারণে শ্রমিকদের সাথে কোন দূরত্ব তৈরি হয়েছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি। 

এ সময় সৈয়দ আজাদ সুবহানী বলেন, শ্রমিকদের প্রতিনিধিই তো আমাদের সাথে আছে তাই দূরত্ব তৈরি হওয়ার প্রশ্ন উঠে না। 

তিনি বলেন, আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। কেউ প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলব। আমার যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই আইন অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি। 

শ্রমিকদের সাথে বিচ্ছিন্নতা হওয়ার সুযোগ নেই বলে জানিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, কারখানাগুলোতে গিয়ে তিনি শ্রমিকদের সাথে সরাসরি কথা বলছেন। তাদের চাহিদা কি? কত বেতন পাচ্ছেন? পারিবারিক অবস্থাসহ পরিস্থিতি সম্পর্কে অবগত হচ্ছেন। এছাড়াও মালিকপক্ষের সঙ্গেও এ ব‍্যাপারে কথা বলছেন। তাদের সমস্যা-সুবিধাগুলোর তথ‍্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি। 

মালিকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, সেটি এখনো বলার সময়ও আসেনি। আগামী ২৩ তারিখে তাঁরা প্রস্তাব দেবেন বলেও জানান তিনি।

এর আগে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি পরিদর্শন টিম আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে, তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি