কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধস, ২ শ্রমিকের মৃত্যু
প্রকাশিত : ১৭:০৩, ৯ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় দেয়াল ও ইটের স্তূপ ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল এবং ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ একটি দেয়াল ও ওপর রাখা ইটের সারি ভেঙে চার শ্রমিকের ওপর পড়ে।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে চারজনকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই উৎপল ও গোলাপ মিয়ার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন










