কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর
প্রকাশিত : ১৫:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জয়ন্ত নম মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়ন্ত নম মন্ডল ওই এলাকার জুয়েল মন্ডলের ছেলে এবং হাফিজা আক্তার একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে জয়ন্ত ও হাফিজা। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জয়ন্তর দাদা আনন্দ মন্ডল পুকুরে হাফিজাকে ভাসতে দেখেন। পরে কিছু দূরে জয়ন্তকেও ভাসতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে দক্ষিণ গোপদিঘী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আরও পড়ুন










