ঢাকা, শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

কুমিল্লায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ ৪৯৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক কারবারি ও মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাত এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোন নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। 

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি