ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ২৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন গণমাধ্যমকে জানান, ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। তাদের সম্পর্ক বাবা-মা ও সন্তান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ ২ জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি