ঢাকা, শনিবার   ২৫ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ২৫ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়া কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বন্ধু শাওন জানান, তারা কয়েকজন বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামেন। এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে যাওয়ার সময় কাওসার পুকুরের মাঝামাঝি এসে তাকে বাঁচানোর জন্য ডাকতে থাকেন। তিনি দ্রুত ফিরে গিয়ে কাওসারকে ধরার চেষ্টা করেন। তবে কাওসার তলিয়ে যেতে থাকায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শাওন উপরে উঠে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর তারা কাওসারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা কাওসারকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি