ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা হত্যায় মামলা দায়ের, আসামি ২শ’

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২৬, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

এসময় নিহত শামিম রেজার আরো দুই ভাই উপস্থিত ছিলেন। মামলায় ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শামীম রেজা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। 

এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। 

গত শনিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার "কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফে" ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় কথিত পীর শামীম রেজা (জাহাঙ্গীর) নিহত হন। রোববার বিকেলে ময়না তদন্ত শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেদিয়ে আস্তানার পার্শবর্তী দক্ষিণ/পশ্চিম ফিলপনগর কবরস্থানে শামীম রেজার দাফন সম্পন্ন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি