ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় ডিবির বিশেষ অভিযানে ২টি পিস্তলসহ গ্রেপ্তার ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকস এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দূর্বাচরা গ্রামের মো. রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বংশীতলা এলাকায় একদল অস্ত্রধারী অবস্থান করছে—এমন একটি গোপন সংবাদ আসে জেলা গোয়েন্দা পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আরিফ ও আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবউদ্দিন জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি