ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে সকালে অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার বিকেলে এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে থানা হেফাজতে নেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এরআগে গতকাল বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় গৃহকর্মীর ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান,গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবসও করানো হয়।

স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর নির্যাতন চালান গৃহকর্ত্রী। তারা আরও জানান, এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায়ই ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্নও দেখা গেছে।

স্থানীয়রা পুলিশকে ফোন করে কিশোরীকে উদ্ধারের আবেদন জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি