ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

খুলনায় ডাকবাংলো মোড়ে গুলি ও কুপিয়ে শ্রমিক নেতাকে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৩, ৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে জনাকীর্ণ মার্কেটের মধ্যে গুলি ও কুপিয়ে মাসুম বিল্লাহ্ (৪৫) নামে এক শ্রমিক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ্ রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন। তিনি রূপসা উপজেলার বাগমারা এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের কেনাকাটা করতে তিনি মার্কেটে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা এসময় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি