খুলনায় যমজ শিশু হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন
প্রকাশিত : ২১:২৩, ১৩ মে ২০২৬
খুলনার তেরখাদা উপজেলায় আড়াই মাস বয়সী যমজ দুই কন্যাশিশুকে হত্যার দায়ে তাদের মা কানিজ ফাতেমা (কনা)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এর বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম জানান, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর সঙ্গে কনার বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে কনার যমজ কন্যাসন্তানের জন্ম হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে আসেন।
মামলার তথ্যমতে, কনা প্রায়ই স্বামীকে ফোন করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করতেন। তবে বিভিন্ন কারণে তা বিলম্বিত হচ্ছিল।
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কনা মোবাইল ফোনে তার ছোট বোনকে জানান, দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুদের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে একই দিন তেরখাদা থানায় স্ত্রী কনাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এনামুল হক ২০২২ সালের ৩১ মার্চ কানিজ ফাতেমাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এমআর//
আরও পড়ুন










